চার বছর পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। গোপনে তাদের নতুন সিনেমার শুটিং চলছে এমন খবরই ভাসছে চলচ্চিত্রপাড়ায়। যদিও পরিচালক সাইফ চন্দনসহ নায়ক–নায়িকা কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলছেন না।
দুজনকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল গোলাম সোহরাব দোদুল পরিচালিত থ্রিলার ‘সাপলুডু’ ছবিতে। এরপর দীর্ঘ বিরতির পর আবারও দর্শকের সামনে ফিরছেন তাঁরা। নতুন এই ছবির পরিচালনায় রয়েছেন সাইফ চন্দন, যিনি এর আগে ‘লোকাল’ সিনেমা পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। এবারই প্রথম তিনি এক ফ্রেমে আনছেন শুভ ও মিমকে।
পরিচালক জানিয়েছেন, ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে চলচ্চিত্র–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নাম হতে পারে ‘মালিক’ অথবা ‘শিকার’। ইউনিটের একাধিক সদস্য নিশ্চিত করেছেন, শুটিং বেশ জোরেশোরে চলছে। চলতি মাসের শুরুতে রাজশাহীর পবা এলাকায় শুটিং শুরু হয়, বর্তমানে নাটোরে চলছে টানা কাজ।
অ্যাকশন ঘরানার এ চলচ্চিত্রে শুভ ও মিমকে নতুন লুকে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে দুজনই বিশেষ ফিটনেস ট্রেনিং ও কঠোর ডায়েট মেনে প্রস্তুতি নিয়েছেন বলেও জানা গেছে। যদিও অফিসিয়ালি কোনো ঘোষণা নেই, তবুও চলচ্চিত্রপ্রেমীদের মাঝে আগ্রহ তুঙ্গে জনপ্রিয় এই জুটি আবার কী চমক নিয়ে আসছেন তা জানার অপেক্ষায় দর্শক।