মানিকগঞ্জের ঘিওর উপজেলায় প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চার বছর আগে নির্মাণ শেষ হলেও এখনো চালু হয়নি যান চলাচল। সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) না থাকায় কালীগঙ্গা নদীর ওপর নির্মিত এই সেতুটি কার্যত অচল অবস্থায় পড়ে আছে। ফলে অন্তত ৩০টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক সিংজুরি ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকায় আলহাজ কাজী গোলাম হোসেন সড়কের ওপর সেতুটি নির্মাণ করা হয়। তবে দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় কোটি টাকার এই অবকাঠামো কোনো কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। এখনো এলাকাবাসীকে খেয়ানৌকায় নদী পার হতে হচ্ছে।
শুক্রবার (৮ মে) বিকেলে সেতুর পশ্চিম পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে সিংজুরি ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেন।
বক্তারা বলেন, সন্ধ্যার পর খেয়া চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে মানুষ চরম ভোগান্তিতে পড়ে। শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেতুটি চালু হলে টাঙ্গাইলসহ আশপাশের জেলার সঙ্গে যোগাযোগ সহজ হতো বলেও তারা জানান।