চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে স্থানীয় বাসিন্দারা আটক করেছে। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত তাদের উদ্ধার করে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ-ভারত সীমান্তের রোকনপুর সেক্টরের ১৬ বিজিবির রোকনপুর কোম্পানির কমান্ডার সুবেদার আব্দুস সালাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ জানুয়ারি) আনুমানিক বেলা ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনে চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বাধীন এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত চিহ্নিতকারী পিলার নং ২১৯ আরএস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবাহিত পূর্ণভবা নদীতে মাছ ধরতে আসেন ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত টিলাশন গ্রামের দুই বাসিন্দা বাচ্ছু মহলদার (৩৫) এবং রাজু মহলদার (২২)।
মাছ ধরা নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে বাংলাদেশের গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের দুই বাসিন্দা আব্দুল মমিন (৩০) ও সুমন খান (৩২) ওই দুই ভারতীয় নাগরিককে আটক করে নিজেদের গ্রামে নিয়ে যান।
স্থানীয় টিলাশন বিএসএফ ক্যাম্পের কর্তৃপক্ষ ঘটনাটি জানতে পেরে চাড়ালডাঙ্গা বিজিবি বিওপিকে বিষয়টি অবহিত করে। বিজিবি নিয়ন্ত্রণ কক্ষে খবর পৌঁছামাত্র সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে একটি দ্রুত প্রতিক্রিয়া দল (কুইক রেসপন্স টিম) অভিযান চালায়। তারা সীমান্ত এলাকায় তৎপরতা চালিয়ে আটককৃত দুই ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ভারতীয় নাগরিকদের ফেরত দিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে পাঁচটায় চাড়ালডাঙ্গা সীমান্তে আয়োজিত এই বৈঠকের মাধ্যমে বিজিবি কর্তৃপক্ষ বাচ্ছু ও রাজু মহলদারকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কাছে হস্তান্তর করে।