Skip to main content

Ridge Bangla

চাঁদপুরে পদ্মা-মেঘনায় মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি

জাতীয় সম্পদ ইলিশের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ৩ অক্টোবর রাত ১২টা থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ আহরণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। জেলা ও উপজেলা টাস্কফোর্স ইতিমধ্যেই অভিযান কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা প্রশাসকের নেতৃত্বে উপকূলীয় এলাকায় সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।

জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশ আহরণে জড়িত চাঁদপুর জেলার নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪৩ হাজার। নিষেধাজ্ঞার সময় জেলেদেরকে ৪০ কেজি চাল সহায়তা দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে খাদ্যসহায়তা তাদের কাছে পৌঁছে যাবে। পদ্মা-মেঘনা নদীতে এই সময়ে মা ইলিশ বিচরণ করে। মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় দিন-রাত টাস্কফোর্স অভিযান পরিচালনা করবে। মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সব ধরণের নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা বা উভয় শাস্তির বিধান রয়েছে।

সদর উপজেলার জেলে ও ব্যবসায়ীরা জানান, তারা প্রশাসনের সহযোগিতায় নিষেধাজ্ঞা মানবেন। তবে কারেন্ট জাল নিষিদ্ধ ও নৌকাগুলো নদীতে না নামার কঠোর ব্যবস্থা নিতে হবে। চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, নদীতে সব সময় নজরদারি রাখা হবে এবং প্রশাসনের কেউ অনৈতিক কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জেলেদের উদ্দেশে বলেন, মা ইলিশের প্রজনন রক্ষা না করলে ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই নিষেধাজ্ঞা শুধু শাস্তির জন্য নয়, বরং জেলেদের দীর্ঘমেয়াদি স্বার্থ সুরক্ষার জন্য।

This post was viewed: 68

আরো পড়ুন