ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র।
সূত্রটি জানায়, আগষ্ট মাসে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচন শেষে সমাবর্তনের প্রস্তুতি শুরু হবে। সম্ভাব্য সময় হিসেবে নভেম্বর বা ডিসেম্বরকে বিবেচনায় রাখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এবারের সমাবর্তনে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করা হতে পারে। এই পরিকল্পনাকে কেন্দ্র করেই সমাবর্তনের সময় নির্ধারণে নভেম্বর-ডিসেম্বরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
৫৪তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের তিনটি সেশন—২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০—এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি এমফিল ও পিএইচডি গবেষকরাও এতে অংশ নেবেন।
এর আগে ২০২২ সালের ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল ৫৩তম সমাবর্তন। ওই অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন নোবেলজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জিন টেরল। তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। ওই সমাবর্তনে ৩০ হাজার ৩৪৮ জন স্নাতক ও গবেষক অংশগ্রহণ করেছিলেন।
এছাড়া ২০২৩ সালের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল একটি বিশেষ সমাবর্তন।