Skip to main content

Ridge Bangla

চরকিতে আসছে ইয়াশ-তটিনীর প্রথম সিনেমা ‘তোমার জন্য মন’

ঢালিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইয়াশ রোহান ও তটিনীকে নিয়ে নির্মিত সিনেমা ‘তোমার জন্য মন’। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর রাত ১২টায় (৬ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

তটিনীকে বড়পর্দায় আনার চেষ্টা অনেক দিন ধরেই চলছিল, তবে এবারই প্রথম তিনি সম্মতি দেন। তার বিপরীতে নায়ক ইয়াশ রোহান, যিনি একসময় পরীমণির সঙ্গে সিনেমায় অভিষেকের পর ছোটপর্দায়ও আলোচনায় ছিলেন। এবার প্রথমবারের মতো তটিনীর সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় আসছেন তিনি।

সিনেমার গল্পে দেখা যাবে মফস্বল শহরে বেড়ে ওঠা দুই তরুণ-তরুণীর প্রেম ও জীবনের টানাপোড়েন। তটিনী অভিনয় করেছেন ‘পিউ’ চরিত্রে, আর ইয়াশ রোহান হয়েছেন এলাকার প্রভাবশালী পরিবারের ছেলে ‘রওনক’। তটিনী জানান, গল্পটি প্রথমবার শোনার পরই তিনি কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তার ভাষায়, “গল্পটা অর্ধেক শুনেই বুঝেছিলাম এটি ব্যতিক্রম কিছু হতে যাচ্ছে। তাই সঙ্গে সঙ্গেই শিহাব ভাইকে হ্যাঁ বলি।”

ইয়াশ রোহান বলেন, স্ক্রিপ্ট পড়েই মনে হয়েছে এটি করা উচিত। সময় ম্যানেজ করে কাজটি করেছি, কারণ গল্পটি খুব বাস্তব এবং আবেগঘন। নির্মাতা শিহাব শাহীন জানান, “গল্পের প্রয়োজনে এমন একটি জুটি দরকার ছিল, যাদের মধ্যে অনস্ক্রিন ও অফস্ক্রিন বোঝাপড়া আছে। ইয়াশ ও তটিনী সেই জায়গা থেকেই আমার প্রথম পছন্দ।”

সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও গল্প লিখেছেন শিহাব শাহীন নিজেই। সংগীতে আছেন ইমন চৌধুরী, আর আবহসংগীত করেছেন খৈয়াম সানু সন্ধি। অর্থায়ন করেছে সেনসেশন কনডমস।

This post was viewed: 42

আরো পড়ুন