চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে বেংগুরা এলাকায় এই অভিযান চালানো হয়।
সেনা সূত্র জানায়, ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি বিদেশি শটগান, ১৩ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। আটক ব্যক্তিরা সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকার বাসিন্দা সালাহউদ্দিন রুমি (৫১) ও তার বড় ভাই সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্রসহ ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন সময়ে অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি নিজেরা অস্ত্র তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন অপরাধী চক্রের কাছে সরবরাহ করতেন।
মেজর মো. রাসেল জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের সন্ত্রাসীদের গ্রেপ্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিযান শেষে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে জব্দকৃত অস্ত্রের তালিকা তৈরি করে আটক দুইজনকে আইনি প্রক্রিয়ার জন্য হেফাজতে নিয়েছে।