Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে চসিকের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম নগরীর স্টেশন রোড, নিউ মার্কেট মোড় ও রিয়াজুদ্দিন বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় ১২ জন দোকানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। তিনি জানান, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

প্রণয় চাকমা বলেন, “আজকের অভিযানে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ১২টি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। যাদের ট্রেড লাইসেন্স নেই, তাদের দ্রুত তা সংগ্রহ করতে বলা হয়েছে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ফুটপাতে বসা হকারদের বিকেলের মধ্যে ব্যবসা গুটিয়ে ফেলতে বলা হয়েছে। হকাররা চাইলে চাকাযুক্ত ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ব্যবসা চালাতে পারবেন, তবে ফুটপাতে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না।

চসিকের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। তবে কেউ কেউ হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি তুলেছেন, যাতে করে ব্যবসা ও পথচারী চলাচলের মধ্যে সমন্বয় তৈরি হয়।

This post was viewed: 58

আরো পড়ুন