Skip to main content

Ridge Bangla

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে এই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল স্থগিত করে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, মধ্যরাত থেকেই নদী এলাকায় কুয়াশার প্রভাব বাড়তে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে কুয়াশা আরও ঘন হয়ে ওঠায় নদীপথে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। একপর্যায়ে চ্যানেলের বিকন বাতি ও নৌপথের গুরুত্বপূর্ণ মার্কিং পয়েন্টগুলো চোখে পড়ছিল না। এ অবস্থায় ফেরি চলাচল অব্যাহত রাখলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভোর সাড়ে ৪টা থেকে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, যাত্রী ও যানবাহনের নিরাপত্তাই এ সিদ্ধান্তের মূল কারণ। কুয়াশার তীব্রতা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসগুলো ঘাট এলাকায় অপেক্ষায় রয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। কুয়াশা কেটে গেলে দ্রুত সময়ের মধ্যেই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

This post was viewed: 57

আরো পড়ুন