Skip to main content

Ridge Bangla

ঘনিষ্ঠ বন্ধুর প্রতারণায় সর্বস্ব হারালেন অভিনেত্রী পূজা ব্যানার্জি

ঘনিষ্ঠ বন্ধুর বিশ্বাসঘাতকতায় চরম আর্থিক বিপদের মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি ও তার স্বামী কুনাল বর্মা। বলিউড ও টলিউডে কাজ করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী জানিয়েছেন, দীর্ঘ তিন বছর ধরে যাঁকে ঘনিষ্ঠ বন্ধু বলে বিশ্বাস করতেন, সেই মানুষটিই তাদের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা জানান, “গত তিন-চার মাস আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় গেছে। প্রতিটি দিন কেটেছে বিষণ্ণতা আর অনিশ্চয়তায়। এখন কীভাবে চলব, তাও জানি না।”

তিনি বলেন, প্রতারণাকারী ব্যক্তি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন, পরিবারের একজনের মতোই ছিলেন। সেই মানুষই এই বিশ্বাসঘাতকতা করেছেন। যদিও পূজা কিংবা কুনাল কেউই ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।

এই দম্পতির দাবি, প্রতারণার অঙ্ক ছিল বড়, আর এতে তাদের প্রায় সব কষ্টার্জিত অর্থ হারিয়ে গেছে। পূজা বলেন, “দিনের পর দিন শুধু চোখের জল ফেলেছি। এমন পরিস্থিতি কখনো কল্পনাও করিনি।”

এই কঠিন সময়ে পূজা ব্যানার্জি তার দর্শক ও ভক্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি অনুরোধ জানিয়েছেন যেন দর্শকরা তাদের কাজ দেখেন এবং উৎসাহ দেন।

উল্লেখ্য, পূজা ব্যানার্জি ‘চ্যালেঞ্জ ২’ সিনেমার মাধ্যমে পরিচিতি পান। তার ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় রয়েছেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অনীক ধরসহ অনেকে। তবে এই প্রতারণার ঘটনায় এখন পর্যন্ত কারও নাম প্রকাশ করা হয়নি।

This post was viewed: 33

আরো পড়ুন