দলীয় আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৬ জুলাই) দলটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন), এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নেতারা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এবং প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন। এ সিদ্ধান্তে গাজীপুর মহানগর বিএনপির রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।
দলের একাংশ বলছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ। অন্যদিকে বহিষ্কৃত নেতারা একে ‘একতরফা সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন এবং দাবি করেছেন, এতে দলের বিভাজন আরও বাড়তে পারে।
দলীয় সূত্র জানিয়েছে, ভবিষ্যতেও দলের শৃঙ্খলা বজায় রাখতে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।