Skip to main content

Ridge Bangla

গাজীপুরে পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এসব ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পৌনে ৩টার দিকে কোনাবাড়ীর নীলনগর এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পিকআপ ভ্যানে আগুন লাগে। কাশিমপুরের এনায়েতপুর স্কুল মার্কেট এলাকা থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিল পিকআপটি। নিটল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সামনে পৌঁছালে গাড়িতে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তের মধ্যে পিকআপের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পিকআপটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এর কিছুক্ষণ পর বিকেল সোয়া ৩টার দিকে কোনাবাড়ীর পারিজাত মেডিটেক্স কারখানার সামনে একটি সেমিপাকা টিনশেড বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ওই বাড়ির পাঁচটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক সাইফুল ইসলাম জানান, পারিজাত এলাকার বসতবাড়িতে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের বিষয়টি ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।

This post was viewed: 46

আরো পড়ুন