Skip to main content

Ridge Bangla

গাজীপুরে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, মালিকের ৩ মাসের কারাদণ্ড

গাজীপুর জেলার টঙ্গীর তিলারগাতী ও সাতাইশ এলাকায় অবস্থিত সাতটি নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের বিশেষ টাস্কফোর্স। অভিযানে ‘রাফি এন্টারপ্রাইজ’-এর মালিক নজরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ জুন) পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু ও ইশতিয়াক আহমেদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানে ২,৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন উৎপাদনে ব্যবহৃত পলিপ্রোপিলিন (পিপি) দানা জব্দ করা হয়। এসব মালামাল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

‘রাফি এন্টারপ্রাইজ’ ছাড়াও ‘ভাই ভাই পলি প্যাকেজিং’, ‘মায়ের দোয়া প্যাকেজিং’, ‘নাটেক্স থ্রেড অ্যান্ড ট্রিম’ এবং ‘জোনায়েদ প্যাকেজিং’-সহ আরও দুটি কারখানায় অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অভিযানের পর তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এক বিবৃতিতে পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 76

আরো পড়ুন