Skip to main content

Ridge Bangla

গাজা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মার্কিন পপ তারকা অলিভিয়া রদ্রিগো

গাজা উপত্যকার মানবিক বিপর্যয় নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন মার্কিন জনপ্রিয় পপ তারকা অলিভিয়া রদ্রিগো। শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে তিনি গাজার মানুষের দুর্দশা নিয়ে গভীর ক্ষোভ ও সহমর্মিতা প্রকাশ করেন।

স্টোরিতে অলিভিয়া লেখেন, “ফিলিস্তিনে নিরপরাধ মানুষদের এই ভোগান্তি দেখে আমি মর্মাহত। মা-বাবা ও শিশুরা না খেয়ে আছে, বিশুদ্ধ পানি পাচ্ছে না, মৌলিক চিকিৎসা ও মানবিক সহায়তা থেকেও বঞ্চিত।” তিনি আরও লেখেন, “ইসরায়েল, ফিলিস্তিন বা বিশ্বের আর কোথাও কোনো শিশুই এমন ভয়াবহ পরিস্থিতির শিকার হওয়ার কথা নয়। আমরা যা দেখছি, তা অগ্রহণযোগ্য। যদি আমরা তাদের পাশে না দাঁড়াই, তবে তা আমাদের যৌথ মানবতাকেই অস্বীকার করা হবে।”

এই পপ তারকা আরও জানান, তিনি ইতোমধ্যে ইউনিসেফে অনুদান দিয়েছেন এবং অন্যদেরও সাধ্য অনুযায়ী সহায়তার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। অব্যাহত বোমাবর্ষণে গাজা প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চরম খাদ্য, পানি ও ওষুধ সংকটে বিপর্যস্ত বাসিন্দারা এখন মহামারির ঝুঁকির মধ্যেও রয়েছেন।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ট-এর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-তেও ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলছে।

অলিভিয়া রদ্রিগোর স্পষ্ট অবস্থান এবং মানবিক আবেদন ইতোমধ্যে ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার এই পদক্ষেপকে ‘সাহসী’ এবং ‘মানবতার পক্ষের কণ্ঠস্বর’ হিসেবে উল্লেখ করেছেন।

This post was viewed: 56

আরো পড়ুন