Skip to main content

Ridge Bangla

গাজায় আরও ৬০ জন নিহত, একই পরিবারের ১২ জনের করুণ মৃত্যু

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫১ হাজার ৩৫০ জন। শুক্রবার (২৫ এপ্রিল) আল জাজিরা ও আনাদোলু সংস্থার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আল জাজিরার তথ্যমতে, বৃহস্পতিবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত বোমাবর্ষণে অন্তত ৬০ জন নিহত হন। উত্তর গাজার জাবালিয়া এলাকায় এক হামলায় একই পরিবারের ১২ সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও চিকিৎসাকর্মীরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দমন-পীড়নে প্রাণহানি এখন ৫১ হাজার ৩৫৫ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৭ হাজার ২৪৮ জন। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধারে যথেষ্ট সক্ষমতা নেই।

গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের হামলা শুরু হয়। হামাসের সঙ্গে গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতবিরোধের জেরে নতুন দফার আগ্রাসন শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই নতুন পর্যায়ে আরও প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৫ হাজার ২০০ জন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান হামলায় গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

This post was viewed: 51

আরো পড়ুন