Ridge Bangla

গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তাদের প্রত্যাশা পূরণে কাজ করবে বিএনপি। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সহজ ভেবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু ও আসাদুল হাবিব দুলু।

তারেক রহমান অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন কায়েম করে গণতন্ত্র ধ্বংস করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, গুম-খুনের রাজনীতি ও দমন-পীড়ন চালানো হয়েছে। তিন কোটির বেশি নতুন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। মেগা প্রকল্পের নামে দেশে হয়েছে মেগা দুর্নীতি।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সংস্কার বিষয়ে মতভেদ থাকতেই পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণ নেবে। আলোচনায় জনগণকে বাদ দিলে দেশে অরাজকতা সৃষ্টি হবে, যা স্বৈরাচার ফেরার সুযোগ করে দেবে।

সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অনড় আছেন। তিনি মনে করেন, বিএনপিই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা ও ভিশন ২০৩০ উপহার দিয়েছে। বর্তমানে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দল রাষ্ট্রের ভেঙে পড়া কাঠামো পুনর্গঠনে কাজ করছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী।

This post was viewed: 36

আরো পড়ুন