খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় দারুস আমান মসজিদসংলগ্ন বিলপাড় রোডের একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত বেবি বেগম তার দুই নাতি শামীম ও মোস্তাকিমকে নিয়ে ওই বাসার একটি কক্ষে বসবাস করতেন। একই বাসার অন্য একটি কক্ষে তার মেয়ে মেরি দ্বিতীয় স্বামীকে নিয়ে থাকতেন।
ঈদের দিন বিকেলের পর থেকে বেবি ও দুই শিশুকে আর দেখা যায়নি। দুই দিন ধরে তাদের কোনো খোঁজ না পেয়ে প্রতিবেশীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘরের একটি ট্রাংকের ভেতর থেকে অপর শিশুর মরদেহ পাওয়া যায়।
মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।