বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এই শোক সংবাদে বিএনপির প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার সকাল ৮টা ১৩ মিনিটে তার ফেসবুক পোস্টে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন সব নেত্রীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান। তিনি আমাদের প্রতিরোধের প্রতীক এবং সর্বোচ্চ পর্যায়ের একজন দেশপ্রেমিক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন অকুতোভয় এক যোদ্ধা এবং আমাদের সবচেয়ে কঠিন সময়ে আশার বাতিঘর।”
শফিকুল আলম আরও বলেন, “আজীবনের সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রকৃত আত্মাকে সংজ্ঞায়িত করেছেন। তাঁর নেতৃত্ব ও সংকল্প দেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। শান্তিতে ঘুমান, বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ ও সুন্দরতম স্থান দান করুন। আপনি চিরশান্তিতে বিশ্রাম নিন।”
বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন। তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রদূত হিসেবে জনগণের আশা ও প্রত্যয়ের প্রতীক হয়ে উঠেছিলেন। প্রেস সচিব শোকবার্তায় বিশেষভাবে তার সাহস, দৃঢ়তা ও দেশপ্রেমকে স্মরণ করেছেন, যা বাংলাদেশের রাজনীতিতে চিরকাল অনন্য মর্যাদা রাখবে।