Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার মৃত্যুতে সংবাদ সম্মেলনে কাঁদলেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই শূন্যতা শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, গণতান্ত্রিক বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনেও অনুভূত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনের একপর্যায়ে আবেগে ভেঙে পড়েন বিএনপি মহাসচিব। কাঁপা কণ্ঠে তিনি বলেন, “এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে- এটা আমরা কখনো কল্পনাও করিনি। এবারও আমরা আশা করছিলাম, আগের মতোই তিনি সুস্থ হয়ে উঠবেন।”

মির্জা ফখরুল বলেন, “আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” তিনি আরও বলেন, যিনি সারাজীবন জনগণের অধিকার ও কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রীর প্রয়াণ জাতির জন্য এক অস্বাভাবিক ও অপূরণীয় ক্ষতি।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় একটি বিশেষ ক্যাবিনেট বৈঠক ডাকা হয়েছে, যেখানে বেগম খালেদা জিয়ার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হবে।

This post was viewed: 41

আরো পড়ুন