Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় শোকের ছায়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় শোকের ছায়া নেমে এসেছে। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

গাবতলী উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর মৃত্যুতে তারা একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারালেন। সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো বেগম খালেদা জিয়া আসবে না। সহসভাপতি জুলফিকার হায়দার গামা বলেন, পুরো উপজেলায় শোকের আবহ বিরাজ করছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন বলেন, বাংলাদেশ একজন অভিভাবককে হারাল; তিনি শুধু গাবতলীর নয়, পুরো দেশের অভিভাবক ছিলেন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী মীর শাহে আলম বলেন, দেশের গণতন্ত্র আজ তার এক অবিচল অভিভাবককে হারাল। তার দেশপ্রেম, ত্যাগ ও আপসহীন নেতৃত্ব চিরকাল জাতির হৃদয়ে অমর হয়ে থাকবে।

This post was viewed: 50

আরো পড়ুন