Ridge Bangla

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক শোকবার্তায় তিনি তাঁর মৃত্যুতে বাংলাদেশের জনগণ ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

শাহবাজ শরিফ বলেন, “খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। শোকের এই মুহূর্তে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের পাশে আছে। আমরা এ কঠিন সময়ে খালেদা জিয়ার পরিবার, বন্ধুবান্ধব ও বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন তার আত্মাকে শান্তি দান করেন। আমিন।”

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবন, তিনবারের প্রধানমন্ত্রীত্ব, কারাবাস, স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই- সব মিলিয়ে তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। খালেদা জিয়ার নেতৃত্ব শুধু বিএনপির নয়, পুরো দেশের গণতান্ত্রিক ইতিহাসের অংশ। তাঁর আপসহীন রাজনৈতিক অবস্থান, জনগণের অধিকার রক্ষার সংগ্রাম এবং দেশের স্বার্থে নিঃস্বার্থ দায়িত্ববোধ তাঁকে সমর্থক ও বিরোধী উভয়ের কাছে মর্যাদাপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

This post was viewed: 28

আরো পড়ুন