দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সাবেক এই প্রধানমন্ত্রীর ইন্তেকালে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিএনপি সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়ার জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। চূড়ান্ত সময়সূচি দলীয়ভাবে পরবর্তীতে জানানো হবে।
মৃত্যুকালে হাসপাতালে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের পরিবারের সদস্যরা, ছোট ভাই শামীম এস্কান্দারসহ নিকটাত্মীয়রা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে ওঠে।
দীর্ঘদিন ধরে খালেদা জিয়া হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। একপর্যায়ে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।