বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম।
কূটনৈতিক সূত্র জানায়, নেপাল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ ও শেষ শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবেই নেপালের পররাষ্ট্রমন্ত্রীর এই ঢাকা সফর। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ ও প্রভাবশালী ভূমিকার প্রতি সম্মান জানাতেই উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থেকে মরহুম নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে নেপাল সরকারের পক্ষ থেকে সমবেদনা জানাবেন বলে জানা গেছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও গভীর শোক পালন করতে দেখা গেছে। নেপাল সরকারের পক্ষ থেকে পাঠানো শোকবার্তায় খালেদা জিয়াকে একজন দৃঢ়চেতা ও প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।