Ridge Bangla

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। সেই শোকবার্তা ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবেই পাকিস্তানের পার্লামেন্ট স্পিকারকে প্রতিনিধি হিসেবে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি জানাজা অনুষ্ঠানে অংশ নিয়ে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সেখানে জড়ো হয়েছেন। বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের পাশাপাশি ভারত, নেপাল, ভুটানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

This post was viewed: 31

আরো পড়ুন