Ridge Bangla

খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত: আযম খান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে যেকোনো সময় এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করে তাঁকে বিদেশে নেওয়া সম্ভব।

আযম খান বলেন, দেশের বাইরের একাধিক বিশেষায়িত হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। মেডিকেল বোর্ড পরিস্থিতি অনুকূল মনে করলে তাঁকে বিদেশে পাঠানো হবে। ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা চালাচ্ছে।

খালেদা জিয়ার শারীরিক খবর জানতে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। শনিবার সকালে তাঁকে দেখতে যান নাজিমুদ্দিন আলমসহ বিএনপির কয়েকজন। বাইরে এসে তাঁরা সবাই দেশবাসীর কাছে দোয়া চান। যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডই নেবে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেয়। প্রতিনিধি দলের ডা. তাসনিম জারা জানান, অবস্থার অবনতি হলেও খালেদা জিয়া সজাগ রয়েছেন এবং চিকিৎসকদের নির্দেশনা বুঝতে পারছেন। এদিকে খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তাঁর চিকিৎসার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দিয়েছেন।

This post was viewed: 54

আরো পড়ুন