ঝালকাঠিতে খালের অস্তিত্ব না থাকলেও কোটি টাকার ব্যয়ে একটি সেতু নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সেতুর দুই পাশে বসতবাড়ি থাকায় সংযোগ সড়ক নির্মাণ নিয়েও দেখা দিয়েছে নতুন জটিলতা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সুবিদপুর ইউনিয়নের গোডন্দা এলাকায় বিডিআইআরডবলুএসপি প্রকল্পের আওতায় ১০ মিটার দীর্ঘ একটি আরসিসি স্ল্যাব সেতু নির্মাণ করা হয়েছে। প্রকল্পটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা। নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস ইসলাম ব্রাদার্স।
স্থানীয়দের দাবি, যেখানে বর্তমানে সেতুটি নির্মাণ করা হয়েছে সেখানে আগে একটি ছোট খালের ওপর বক্স কালভার্ট ছিল। নতুন সেতু নির্মাণের ফলে খালের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। এখন সেতুর সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ করতে গেলে কয়েকটি পরিবারের চলাচলের পথ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
ভুক্তভোগী কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সেতু চালু করতে হলে তাদের বাড়ির সামনের অংশ ব্যবহার করতে হবে, যা তাদের স্বাভাবিক যাতায়াতে বাধা সৃষ্টি করবে।