Skip to main content

Ridge Bangla

ক্রিকেটের তিন ফরম্যাটে তিন সহ-অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি

ক্রিকেটে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে আরও আগেই প্রবেশ করে বাংলাদেশ। এবার তিন ফরম্যাটে তিন সহ-অধিনায়কের নাম ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেস্ট দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ওয়ানডে দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক সাইফ হাসান।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে চলছে তিন আলাদা অধিনায়ককে নিয়ে। টেস্ট ফরম্যাটের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৭ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। টেস্ট ফরম্যাটে নাজমুল হোসেন শান্তের সহকারী বা সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

৫০ ওভারের ফরম্যাটে বা ওয়ানডে ক্রিকেটের দায়িত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। চলতি বছরের জুনে মিরাজকে এক বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নিশ্চিত করা হয়েছিল। ৫০ ওভারের ফরম্যাটে বা ওয়ানডে ক্রিকেট দলের সহকারী হিসেবে বা সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

অন্যদিকে ২০ ওভারের ফরম্যাটে বা টি-টোয়েন্টি দলের দায়িত্বে রয়েছেন লিটন কুমার দাস। তাকে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি দলের লিটন কুমার দাসের সহকারী হিসেবে বা সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।

সর্বশেষ এশিয়া কাপ থেকে দারুণ ছন্দে থাকা সাইফকে এবার বড় দায়িত্ব দিল বিসিবি। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটটিতে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়া সাইফ হাসানকে লিটনের ডেপুটি বা সহ-অধিনায়ক করা হয়েছে।

This post was viewed: 168

আরো পড়ুন