আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের চাহিদার তুলনায় প্রায় ২১ লাখের বেশি গবাদিপশু প্রস্তুত রয়েছে।
শনিবার (২৩ মে) রাতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, এ বছর দেশে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার গবাদিপশু। বিপরীতে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে প্রায় ১ কোটি ২ লাখ। ফলে চাহিদার তুলনায় অতিরিক্ত প্রায় ২১ লাখ ৩৪ হাজার পশু রয়েছে।
তিনি বলেন, দেশ এখন আর কোরবানির পশুর জন্য বিদেশের ওপর নির্ভরশীল নয়। দেশের খামারিরাই চাহিদা পূরণে সক্ষম। তাই এবার পাশের দেশ থেকে পশু আমদানির প্রয়োজন হবে না।
প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক ডেইরি খামারের সংখ্যা বাড়ছে। খামারিদের জন্য পরিচয়পত্র চালু ও ঋণসুবিধা দেওয়ার বিষয়েও সরকার কাজ করছে।