Skip to main content

Ridge Bangla

কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর হয়েছে ৮৪.২৫ (শুধুমাত্র পরীক্ষায়), আর কাটমার্ক ধরা হয়েছে ৪৪.৫০। জিপিএসহ মোট সর্বোচ্চ স্কোর হয়েছে ১২৯.৭৭।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এবারের গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩,৮৬৩টি। এ বছর আবেদন করেছেন ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী, প্রবেশপত্র ডাউনলোড করেন ৯১ হাজার ৩৭ জন, এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮০ হাজার ৮৯০ জন। উপস্থিতির হার ছিল প্রায় ৮৬ শতাংশ।

ভর্তি পরীক্ষাটি হয় ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হয়েছে। পাশ নম্বর নির্ধারিত ছিল ৪০।

ফলাফল প্রস্তুত করা হয়েছে মোট ১৫০ নম্বরের ভিত্তিতে, যেখানে ভর্তি পরীক্ষার নম্বর ১০০, এসএসসি বা সমমান পরীক্ষার (চতুর্থ বিষয় ব্যতীত) ভিত্তিতে ২৫ নম্বর এবং এইচএসসি বা সমমান পরীক্ষার (চতুর্থ বিষয় ব্যতীত) ভিত্তিতে আরও ২৫ নম্বর যোগ করা হয়েছে।

গত শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং ১৩টি উপকেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

This post was viewed: 42

আরো পড়ুন