Skip to main content

Ridge Bangla

কুষ্টিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় টুটুল হোসেন (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মধুপুর বাজার এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত টুটুল হোসেন ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম তোরাপ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজের মুদি দোকান থেকে পাশের দোকানে চা খেতে যাচ্ছিলেন টুটুল। এ সময় মোটরসাইকেলে আসা দুজন মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পালানোর সময় তারা একটি শটগান ও কয়েকটি তাজা গুলি ফেলে যায়।

নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে আমরা বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত করছি এবং হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, টুটুল একজন সহজ-সরল ব্যবসায়ী ছিলেন। এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

This post was viewed: 68

আরো পড়ুন