Ridge Bangla

কুষ্টিয়ায় আধিপত্যের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা ২, আহত ১

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে মিন্টু চৌকিদার ও ছালিম গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে রাতে মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

এ সময় সেখানে থাকা ছালিমের অনুসারী ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখের মৃত্যু হয়।

আহত মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, স্থানীয় মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রুপের মধ্যে আধিপত্যের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

This post was viewed: 4

আরো পড়ুন