কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি। আজ রোববার দুপুরে আদর্শ সদর উপজেলা বিএনপির এই সভাপতিকে পুলিশি হেফাজতে নেওয়ার প্রতিবাদে কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন দলটির নেতা-কর্মী ও পরিবহন শ্রমিকরা। ঘটনার জেরে স্থবির হয়ে পড়েছে শাসনগাছা বাস টার্মিনাল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১২টার দিকে নগরীর শাসনগাছা এলাকার নিজ বাসভবন থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে জড়ো হয়ে নেতার মুক্তির দাবিতে থানা চত্বর অবরুদ্ধ করে রাখেন।
তার আটকের প্রতিবাদে যোগ দিয়েছেন স্থানীয় পরিবহন শ্রমিকরাও। এর ফলে শাসনগাছা বাস টার্মিনাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আকস্মিক এই ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি সামাল দিতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও দুপুর আড়াইটা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, কয়েকশ নেতা-কর্মী ও শ্রমিক থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।