Skip to main content

Ridge Bangla

কুড়িগ্রামে আ.লীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের ১৭ জানুয়ারি দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল তাদের বিরুদ্ধে। এ মামলায় তারা বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার ওপর হামলায় নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—কেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টেপারকুটি হাজিপাড়া গ্রামের বাসিন্দা নুরুল হক দুলু, সাবেক ইউপি সদস্য ও কেদার ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, গোলেরহাট গ্রামের ছাত্রলীগ কর্মী বেলাল হোসেন, বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারেক খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং যুবলীগ কর্মী এরশাদুল আলম।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, “গ্রেপ্তার হওয়া সবাই পূর্বের মামলার এজাহারভুক্ত আসামি। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা এলাকায় সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশের অভিযানকালে এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

This post was viewed: 60

আরো পড়ুন