Ridge Bangla

কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন নওগাঁর খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, হালকা বৃষ্টির মধ্যে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধু নিহত হন। অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের বহনকারী মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে ও এঁকেবেঁকে চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে।

বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

This post was viewed: 3

আরো পড়ুন