বলিউড অভিনেতা সাইফ আলি খান সম্প্রতি এক অনুষ্ঠানের সাক্ষাৎকারে বলেছেন, বর্তমান স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটালেও প্রাক্তন স্ত্রী অমৃতা সিং এখনও তার মনে গেঁথে আছেন। কাজল ও টুইঙ্কেল খান্নার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এই অনুভূতি প্রকাশ করেন।
সাইফ বলেন, “অমৃতা আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই ইন্ডাস্ট্রিতে নিজের পথ বুঝতে সাহায্য করেছিলেন। আমি যখন শুরুতে শিল্পজগতে প্রবেশ করেছিলাম, তখন অমৃতা আমাকে বুঝিয়েছিলেন আমার পথ কীভাবে হতে পারে। তার অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।” তিনি আরও যোগ করেন, কিছু পরামর্শ কাজে লাগেনি, তবু তার প্রভাব অস্বীকার করা যায় না।
আলোচনার এক পর্যায়ে কাজল মজা করে বলেন, “তোমাকে তো ভালোই মানুষ করেছে।” এ সময় সাইফ বলেন, “ঠিক তাই। সন্তানদের জন্যও। সেই কারণেই আজও ওকে মনে পড়ে।”
সাইফ আরও জানান, অমৃতার সঙ্গে বর্তমানে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ, যদিও খুব বেশি যোগাযোগ হয় না। তিনি বলেন, “সম্পর্ক ভালো আছে, তবে কথা হয় শুধু বিশেষ সময়ে, যেমন আমি অসুস্থ হলে।”
১৯৯১ সালে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। দাম্পত্যে কয়েক বছরের মধ্যেই টানাপোড়েন শুরু হয় এবং শেষ পর্যন্ত তারা বিচ্ছেদ করেন। পরে ২০১২ সালে সাইফ আলি খান বিয়ে করেন কারিনা কাপুরকে।