বাংলাদেশ কারা অধিদপ্তর কারাবন্দিদের বিষয়ে তথ্য জানার জন্য হটলাইন নম্বর ১৬১৯১ চালু করেছে। এই হটলাইনের মাধ্যমে বন্দিদের সাক্ষাৎ, অবস্থান, শাস্তিসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহজেই জানা যাবে।
সোমবার (১৬ জুন) কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, কারা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য এই হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে এবং তাৎক্ষণিক সাড়া পাওয়া সম্ভব হবে।
তিনি বলেন, “হটলাইন চালুর ফলে বন্দিদের স্বজনরা ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন। এটি কারা প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ ও কার্যকর করবে।”
বর্তমানে বাংলাদেশে ১৩টি কেন্দ্রীয় কারাগার ও ৫৫টি জেলা কারাগার রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশের কারা বিভাগ দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর কেন্দ্রীয় কাঠামো পরিচালিত হয় কারা সদর দপ্তরের অধীন থেকে। এছাড়া ৮টি বিভাগীয় কারা দপ্তর ও ৬৮টি কারাগার রয়েছে সারা দেশে।
প্রতিটি কারাগারে প্রশাসনিক দায়িত্ব পালন করেন জেল সুপার বা সিনিয়র জেল সুপার। তাঁদের নেতৃত্বে কারাবন্দিদের সার্বিক ব্যবস্থাপনা পরিচালিত হয়।