Skip to main content

Ridge Bangla

ওসি প্রদীপ–লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে রায় প্রকাশ

চাঞ্চল্যকর মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলার ছয় আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। উল্লেখ্য, চলতি বছরের ২ জুন মৃত্যুদণ্ড বহালের আদেশ দেওয়া হলেও সেদিন পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি। রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন টেকনাফ থানার সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব, বাহারছড়ার মারিশবুনিয়ার বাসিন্দা মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন। তাদের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশও বহাল রাখা হয়েছে।

এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয় গত ২৯ মে। ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। পাঁচ দিন পর নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস মামলা দায়ের করেন। র‌্যাব ২০২০ সালের ১৩ ডিসেম্বর তদন্ত শেষে ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়। চার্জশিটে সিনহা হত্যাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়।

This post was viewed: 69

আরো পড়ুন