Skip to main content

Ridge Bangla

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় পরিবর্তন আসছে

আগামী বছরের (২০২৬) এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বন্টনে বড় পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

রোববার (৫ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশে অনুবাদ প্রশ্ন বাতিল করা হয়েছে। পূর্বে অনুবাদের জন্য বরাদ্দ ১০ নম্বর এখন সংবাদ প্রতিবেদন লেখার জন্য ব্যবহার হবে। রচনামূলক অংশে থাকবে—অনুচ্ছেদ রচনা, চিঠিপত্র, সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংবাদ প্রতিবেদন এবং প্রবন্ধ—মোট ছয়টি বিভাগ।

আইসিটি বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দিয়ে ১০ নম্বর বহুনির্বাচনী অংশে সংযুক্ত করা হয়েছে। এতে বহুনির্বাচনী প্রশ্নের সংখ্যা বেড়ে ২৫টি হবে। তত্ত্বীয় অংশে থাকবে ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন, এবং ব্যবহারিক অংশের ২৫ নম্বরের কাজ অন্তর্ভুক্ত—যন্ত্রসংযোগ, প্রতিবেদন প্রণয়ন ও মৌখিক পরীক্ষা।

ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ফিন্যান্স থেকে ৮টি, ব্যাংকিং থেকে ৭টি সংক্ষিপ্ত উত্তর থাকবে। শিক্ষার্থীদের এই অংশ থেকে অন্তত ১০টি উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্ন ৮টি, যার মধ্যে ৫টি উত্তর বাধ্যতামূলক; বহুনির্বাচনী প্রশ্ন ৩০টি, প্রতিটির মান ১।

বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন কাঠামো কার্যকর হবে, এবং দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষাতেও এই কাঠামো অনুসরণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক এবং পরীক্ষার্থীদের এই নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

This post was viewed: 67

আরো পড়ুন