দেশব্যাপী অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত থাকার চিত্র দেখা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্যে জানানো হয়, প্রথম দিনে মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও পরীক্ষায় উপস্থিত ছিল ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। দেশজুড়ে ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১১ হাজার ৮৯০ জন অনুপস্থিত ছিল এবং বহিষ্কার হয়েছে ২ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন, বহিষ্কার করা হয়েছে ৪ জনকে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ছিল ২ হাজার ৩০৭ জন; সেখানে অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।