Skip to main content

Ridge Bangla

এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ হকি দল

ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ হকিতে পাকিস্তানের রিপ্লেসমেন্ট হয়ে এএইচএফ মেনস হকি এশিয়া কাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ হকি দল।

নিরাপত্তা শঙ্কা দেখিয়ে পাকিস্তান সরে যাওয়ায় এএইচএফ মেনস হকি এশিয়া কাপে সুযোগ আসে বাংলাদেশের। আজ সকালেই আসরটিতে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ হকি দল। গত এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এএইচএফ কাপে তৃতীয় স্থান অর্জন করায় বাংলাদেশ সরাসরি এশিয়া কাপে খেলার যোগ্যতা পায়নি।

আগামী ২৯ আগস্ট থেকে ভারতের বিহারে শুরু হবে টুর্নামেন্টটি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কলকাতা হয়ে ভারতের বিহারের পথে উড়াল দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগস্টে ১৪ দিনের প্রস্তুতি নিতে পেরেছে বাংলাদেশ। তবে অল্প অনুশীলনেও এশিয়া কাপে ভালো করার ব্যাপারে আশাবাদী প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব। তিনি বলেন, “ছেলেরা শেষ ১৪ দিনে সর্বোচ্চ চেষ্টা করেছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অবশ্যই কিছু ভালো করতে পারবে।”

আগামী বুধবার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দুই কোয়ার্টারের একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে কাজাখস্তানের বিপক্ষে। এশিয়া কাপে লাল-সবুজের দল পড়েছে পুল ‘বি’-তে। বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে।

৩০ আগস্ট দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। আর টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ ‘বি’-র শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের স্কোয়াড—
হুজাইফা হোসেন, রেজাউল করিম (অধিনায়ক), সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, তৈয়ব আলী, তানভির রহমান, রাকিবুল হাসান, মো. আব্দুল্লাহ, আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন।

উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে এশিয়া কাপ হকি খেলছে বাংলাদেশ। ১৯৮৫ ও ২০১৭ সালে টুর্নামেন্টের স্বাগতিকও হয়েছে লাল-সবুজরা। এবার এএইচএফ কাপে ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিল প্রথমবারের মতো।

This post was viewed: 83

আরো পড়ুন