Skip to main content

Ridge Bangla

এশিয়ান কাপ আরচ্যারিতে সোনা জিতেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ

এশিয়ান কাপ আরচ্যারির রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ সোনা জিতেছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তিনি ৬-৪ সেট পয়েন্টে পরাজিত করেন জাপানের মিয়াতা গাকুতোকে।

প্রথম সেটে আলিফ করেন ২৮, যেখানে মিয়াতা স্কোর করেন ২৭—ফলে বাংলাদেশ ২-০ সেট পয়েন্টে এগিয়ে যায়। দ্বিতীয় সেটেও ২৯ পয়েন্ট করে এগিয়ে যান আলিফ, যেখানে মিয়াতা পান ২৮। এতে সোনার সম্ভাবনা আরও জোরদার হয়।

তবে তৃতীয় ও চতুর্থ সেটে হেরে যান আলিফ। মিয়াতা ওই দুই সেটে করেন যথাক্রমে ২৮ ও ২৭ পয়েন্ট, আর আলিফ করেন ২৭ ও ২৬। ফলে ম্যাচের পয়েন্ট দাঁড়ায় ৪-৪। শেষ ও পঞ্চম সেট হয়ে ওঠে শিরোপা নির্ধারণী। সেখানে আলিফ ৩০-এর মধ্যে করেন ২৯ পয়েন্ট, আর মিয়াতা করেন ২৬। এতে ৬-৪ ব্যবধানে ম্যাচ জিতে সোনা নিশ্চিত করেন বাংলাদেশের তরুণ আর্চার।

তার এ অসাধারণ কৃতিত্বের জন্য ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল তাৎক্ষণিকভাবে তাকে ১ হাজার সিঙ্গাপুর ডলার পুরস্কার দেন।

আব্দুর রহমান আলিফ বিকেএসপির প্রশিক্ষিত একজন উদীয়মান আরচ্যার। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করলেও এতদিন বড় কোনো সাফল্য পাননি তিনি। এবারের সোনা জয় তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। এর আগে রোমান সানা আন্তর্জাতিক আরচ্যারিতে বাংলাদেশের পক্ষে সোনা জিতেছিলেন।

আলিফের এই সাফল্যে আর্চারি ফেডারেশন, বিকেএসপি এবং দেশের ক্রীড়াপ্রেমীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

This post was viewed: 166

আরো পড়ুন