Skip to main content

Ridge Bangla

এলোপাতাড়ি কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন করল চাচাতো ভাই

পটুয়াখালীর কলাপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে মিরান নামে এক যুবকের ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত মিরানের বাড়ি কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামে। তাঁর বাবার নাম মো. রফিক খন্দকার।

গতকাল মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া বাজারে সালিশ বৈঠক শেষে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, মিরান ও তাঁর চাচাতো ভাই সোহেল খন্দকারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ মেটাতে ওইদিন রাতে উভয়পক্ষ সালিশ বৈঠকে বসে। বৈঠক শেষে মধুপাড়া বাজার এলাকায় একা থাকাকালে সোহেল পরিকল্পিতভাবে মিরানের ওপর হামলা চালায়।

ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিরানের ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে সোহেল এবং বাম হাতও বিচ্ছিন্ন করার চেষ্টা চালায়, ফলে তা আংশিকভাবে কাটা পড়ে।

গুরুতর আহত অবস্থায় মিরানকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

This post was viewed: 54

আরো পড়ুন