বলিউড অভিনেতা হৃতিক রোশানের অভিনীত কৃষ সিরিজের চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’ নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। তবে এক যুগের বেশি সময় ধরে নির্মাণের কথা শোনা গেলেও সিনেমার বিশাল বাজেটের কারণে কেউই এগিয়ে আসতে চাচ্ছিল না। সর্বশেষ খবর অনুযায়ী, ‘কৃষ ৪’ সিনেমার বাজেট ৭০০ কোটিতে পৌঁছেছে, যা প্রকৃতপক্ষে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
এসব গুঞ্জনের মধ্যেই, হৃতিক রোশানের বাবা রাকেশ রোশান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে ঘোষণা দেন যে, হৃতিক নিজেই পরিচালনা করবেন ‘কৃষ ৪’। রাকেশ রোশান এক্সে লেখেন, “২৫ বছর আগে আমি তোমাকে (হৃতিক) অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। আজ ২৫ বছর পর দুই চলচ্চিত্র নির্মাতা আদি (আদিত্য চোপড়া) এবং আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি; আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ‘কৃষ-ফোর’ সিনেমা এগিয়ে নেওয়ার জন্য। তোমাদের এই নতুন জার্নির সাফল্য কামনা করছি, আশীর্বাদ রইল।” ‘কৃষ ৪’ সিনেমাটি প্রযোজনা করবে যশরাজ ফিল্মস।

উল্লেখ্য, ২০০৩ সালে ‘কোয়ি মিল গায়া’ এবং ২০০৬ সালে ‘কৃষ’ মুক্তি পায়, যার মাধ্যমে হৃতিক রোশান সুপারহিরো চরিত্রে দর্শকদের সামনে হাজির হন, যিনি তার বাবা রাকেশ রোশানের হাত ধরে এই চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি ব্যাপক সাফল্য অর্জন করে। এরপর, ২০১৩ সালে ‘কৃষ-থ্রি’ নির্মাণ করেন রাকেশ রোশান, যা দর্শকের মধ্যে তুমুল সাড়া ফেলে। এবার হৃতিক নিজেই পরিচালক হিসেবে এই সিরিজের চতুর্থ কিস্তি নিয়ে আসছেন, যা তার নতুন যাত্রার সূচনা হিসেবে চিহ্নিত হবে।