Skip to main content

Ridge Bangla

এবার পাতানো নির্বাচন হবে না, আপিল প্রক্রিয়ায় স্বচ্ছতার আশ্বাস সিইসির

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পুরো নির্বাচন প্রক্রিয়া আইনি ও স্বচ্ছতার ভিত্তিতেই পরিচালিত হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি। তিনি জানান, যারা মনোনয়নপত্রের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, তাদের আবেদন আইন অনুযায়ী যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হবে।

সিইসি বলেন, আপিল শুনানির প্রতিটি ধাপ স্বচ্ছভাবে পরিচালিত হবে। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে যুক্তিসংগত ও আইনি সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশনের লক্ষ্য হলো নির্বাচনে একটি সমতাভিত্তিক পরিবেশ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, যাতে কেউ বৈষম্যের শিকার না হন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল আপিল গ্রহণের চতুর্থ দিন। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা ইসি কার্যালয়ে এসে আপিল জমা দিচ্ছেন। কেউ নিজের বাতিল হওয়া মনোনয়ন ফিরে পাওয়ার জন্য আবেদন করছেন, আবার কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছেন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০ আসনে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়। প্রার্থীরা ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।

This post was viewed: 54

আরো পড়ুন