দেশজুড়ে গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক অবস্থাতেই রয়েছে বলে জানা গেছে। আজ বুধবার (৬ মে) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মাসজুড়ে ৪৬৩টি দুর্ঘটনায় ৪০৪ জন নিহত এবং ৭০৯ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনাই মৃত্যুর বড় কারণ। ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১১৩ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর প্রায় ২৮ শতাংশ। এছাড়া পথচারী নিহত হয়েছেন ১০২ জন, যা মোট নিহতের ২৫ শতাংশের বেশি। এ সময় ৪৬ জন যানবাহন চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি মুখোমুখি সংঘর্ষ, পথচারীকে ধাক্কা এবং পেছন থেকে আঘাতও উল্লেখযোগ্য কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। মোট ৬৫৯টি যানবাহন এসব দুর্ঘটনায় জড়িত ছিল, যার মধ্যে মোটরসাইকেলের সংখ্যা সর্বাধিক।
স্থানভিত্তিক পরিসংখ্যানে জাতীয় ও আঞ্চলিক সড়কেই দুর্ঘটনার হার বেশি। সময়ের হিসেবে সকালে সবচেয়ে বেশি ২৮ দশমিক ৫০ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া ১৯ শতাংশ দুর্ঘটনা ঘটেছে রাতে। বিভাগ অনুযায়ী ঢাকা অঞ্চলে সর্বোচ্চ দুর্ঘটনা (১০৯) ও প্রাণহানি (১০২) রেকর্ড করা হয়েছে। বিপরীতে সিলেটে সংখ্যা সবচেয়ে কম।
বিশ্লেষণে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষ চালনা, ট্রাফিক আইন অমান্য এবং দুর্বল ব্যবস্থাপনাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সংগঠনটি নয়টি জাতীয় দৈনিক, সতেরটি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করেছে বলে জানা গেছে।