জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং আরিফুল ইসলাম আদীব এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
সারোয়ার তুষার বলেন, দেশের গণতন্ত্র ও নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গণভোট ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। তিনি আরও বলেন, যদি বিএনপি ফ্যাসিবাদের পথে ফিরতে চায়, তাহলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক। জোটের সব দল এ প্রস্তাবের পক্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। এরপর তিনি এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি অনুযায়ী দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় দল আয়োজন করবে সভা, প্রচার ও জনসংযোগ কার্যক্রম।
২ মার্চ: চট্টগ্রাম
৩ মার্চ: কুমিল্লা
৪ মার্চ: সিলেট
৫ মার্চ: ময়মনসিংহ
৬ মার্চ: ঢাকা
৭ মার্চ: ফরিদপুর
৮ মার্চ: বরিশাল
৯ মার্চ: খুলনা
১০ মার্চ: রাজশাহী
১১ মার্চ: রংপুর
১২–১৪ মার্চ: ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণসহ)
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগানকে ধারণ করে কর্মসূচিটি ১০ দিনের মধ্যে দেশের সব গুরুত্বপূর্ণ জেলা ও মহানগরে অনুষ্ঠিত হবে। দলের সূত্র জানায়, কর্মসূচিতে রাজনৈতিক সচেতনতা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।