Ridge Bangla

এনইআইআর সেবা ব্যবহারে সতর্কবার্তা বিটিআরসির

মোবাইল ফোন ব্যবহারকারীদের এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সেবা গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অননুমোদিত ওয়েবসাইট ও ভুয়া লিংকের মাধ্যমে প্রতারণা ঠেকাতে মঙ্গলবার (সকাল) বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর-সংক্রান্ত সব ধরনের সেবা গ্রহণের জন্য শুধুমাত্র বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট neir.btrc.gov.bd ব্যবহার করতে হবে। এর বাইরে অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপস বা লিংকের মাধ্যমে সেবা নিতে গিয়ে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

বিটিআরসি আরও জানিয়েছে, সম্প্রতি কিছু অসাধু চক্র ভুয়া ওয়েবসাইট ও বিভ্রান্তিকর লিংকের মাধ্যমে এনইআইআর সেবার নামে ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে কোনো অবস্থাতেই অচেনা বা অননুমোদিত লিংকে প্রবেশ না করতে এবং ব্যক্তিগত তথ্য প্রদান না করতে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, এনইআইআর-সংক্রান্ত সব সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এই সেবার জন্য কোনো ধরনের ফি দেওয়ার প্রয়োজন নেই। কেউ যদি অর্থ দাবি করে, তবে সেটি প্রতারণা হিসেবে গণ্য হবে। বিটিআরসি জানিয়েছে, মোবাইল ফোন নিবন্ধন, আইএমইআই যাচাই ও সংশ্লিষ্ট অন্যান্য সেবা নিরাপদভাবে গ্রহণের জন্য সরকারি নির্ধারিত প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো মাধ্যমে যোগাযোগ না করাই নিরাপদ।

This post was viewed: 24

আরো পড়ুন