ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে কড়া সমালোচনা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, এই যুদ্ধের প্রভাব শুধু বিদেশের বেসামরিক মানুষের ওপরই নয়, বরং যুক্তরাষ্ট্রের শ্রমজীবী পরিবারগুলোর জীবনযাত্রাতেও পড়ছে।
শুক্রবার (২৯ মে) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি জানান, তিন মাস আগে শুরু হওয়া এ যুদ্ধের পক্ষে জনগণের কোনো ভোট ছিল না। অথচ এর মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষকে, যাদের এ বিষয়ে মতামত দেওয়ারও সুযোগ ছিল না।
তিনি আরও বলেন, যুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাশাপাশি নিহত ১৩ মার্কিন সেনাসদস্য আর কখনো তাদের পরিবারের কাছে ফিরতে পারবেন না বলেও উল্লেখ করেন তিনি।
কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ শুরু হয়েছে দাবি করে মামদানি বলেন, এর কারণে যুক্তরাষ্ট্রজুড়ে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়েছে, যার চাপ পড়ছে সাধারণ আমেরিকানদের ওপর।
পোস্টের শেষাংশে তিনি বলেন, শুরু থেকেই তিনি এ যুদ্ধের বিরোধিতা করে আসছেন এবং এখনো সেই অবস্থানেই আছেন। এই মুহূর্তেই এ যুদ্ধের অবসান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।