‘পুষ্পা’ দিয়ে চোরাচালানির চরিত্রে নজর কাড়ার পর এবার একেবারে নতুন চমকে আসছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। প্রথমবারের মতো অ্যাটলি পরিচালিত সিনেমায় কাজ করছেন তিনি। সায়েন্স ফিকশন ও সুপারহিরো ঘরানার এই বিশাল বাজেটের সিনেমার প্রাথমিক নাম ‘AA22×A6’। এটি মুক্তি পাবে ২০২৭ সালে।
এই সিনেমায় আল্লু অর্জুনকে দেখা যাবে চারটি আলাদা চরিত্রে—দাদা, বাবা এবং তাদের দুই সন্তান হিসেবে। শুরুতে শুধুমাত্র দ্বৈত চরিত্রে অভিনয়ের কথা থাকলেও, আল্লু নিজেই প্রস্তাব দেন চারটি রোল একসঙ্গে করার। পরিচালক অ্যাটলি লুক টেস্ট দেখে সম্মতি দেন এবং চরিত্রগুলো সাজানো হয় নতুনভাবে।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, ম্রুণাল ঠাকুর এবং ভিলেন চরিত্রে রাশমিকা মান্দানা। ভিএফএক্স ও এনিমেশনভিত্তিক এই সিনেমার নির্মাণ করছে সান পিকচার্স। শুটিং চলছে মুম্বাইয়ে।
আল্লু অর্জুন পারিশ্রমিক নিচ্ছেন ১৭৫ কোটি রুপি এবং লাভের ১৫% অংশ। পরিচালক অ্যাটলির পারিশ্রমিক ১০০ কোটি রুপি, যা এই প্রকল্পকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল সিনেমা করে তুলেছে।
‘জওয়ান’, ‘থেরি’, ‘বিগিল’-এর মতো সুপারহিট সিনেমার নির্মাতা অ্যাটলি এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত আল্লু অর্জুনের এই প্রথম জুটি। প্রজেক্টটি নিয়ে ইতিমধ্যে দর্শকের মধ্যে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। ‘পুষ্পা: দ্য রুল’-এর পর এটিই হতে যাচ্ছে আল্লুর ক্যারিয়ারের সবচেয়ে ব্যতিক্রমধর্মী ও চ্যালেঞ্জিং কাজ।
সিনেমাটির মুক্তির আগেই চারটি ভিন্ন চরিত্রে এক আল্লুকে দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন তার ভক্তরা।