Skip to main content

Ridge Bangla

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

বাংলা শিশুসাহিত্য ও ছড়ার জগতে এক কালজয়ী ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই। ৮৮ বছর বয়সে তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টায় তিনি না ফেরার দেশে চলে গেলেন।

তার কন্যা অঞ্জনা বড়ুয়া জানান, গত এক সপ্তাহ ধরে তিনি চট্টগ্রামের একটি মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন। আজ তাকে জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ফুসফুসে পানি জমার কারণে তাকে বাঁচাতে পারেননি।

সুকুমার বড়ুয়ার জন্ম ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে। ষাটের দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৬৩ সালে তোপখানা রোডে ছয় টাকায় একটি বেড়ার ঘর ভাড়া নিয়ে তার লেখালেখির যাত্রা শুরু হয়। দীর্ঘ সেবার পর ১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে অবসর গ্রহণ করেন।

প্রায় ছয় দশক ধরে ছড়াচর্চা করে তিনি ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’ ও ‘ছড়াসম্রাট’ খ্যাতি অর্জন করেন। তার ছড়ায় ব্যঙ্গ, হাস্যরস, নৈতিক শিক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা ও রাজনৈতিক বার্তা নিপুণভাবে প্রকাশ পেত।

তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘পাগলা ঘোড়া’, ‘ভিজে বেড়াল’, ‘চন্দনা রঞ্জনার ছড়া’, ‘এলোপাতাড়ি’, ‘নানা রঙের দিন’, ‘চিচিং ফাঁক’, ‘কিছু না কিছু’, ‘প্রিয় ছড়া শতক’, ‘নদীর খেলা’, ‘ছোটদের হাট’, ‘মজার পড়া ১০০ ছড়া’, ‘যুক্তবর্ণ’, ‘চন্দনার পাঠশালা’ ও ‘জীবনের ভেতরে বাইরে’।

সুকুমার বড়ুয়া ২০১৭ সালে ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন। এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা ও চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

তার প্রয়াণে বাংলা সাহিত্য অঙ্গন এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল। তার সৃষ্টিকর্ম আগামী প্রজন্মকে অনন্তকাল ধরে আনন্দ ও শিক্ষা দিতে থাকবে।

This post was viewed: 178

আরো পড়ুন